ভারতে শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লির মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ইন্টারনেট সংযোগ সচল রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার, ১১ অক্টোবর বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ জরুরি শুনানি শেষে এ আদেশ দেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবারের বিক্ষোভের আগে গণ-আটক, চলাচলে বিধিনিষেধ, ইন্টারনেট বন্ধ এবং পরিবহন নিয়ন্ত্রণ নিয়ে আদালতের ৯ অক্টোবরের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই জরুরি শুনানি হয়।
আদালত বলেছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় বিধিনিষেধ ছাড়া মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। পাশাপাশি নাগরিকদের আইন মেনে অবাধ চলাচল এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে। যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত এলাকায় শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশের অধিকারও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আদালতের আগের নির্দেশ অমান্যের অভিযোগে দিল্লি মেট্রো রেল করপোরেশন, সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ এবং দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। তবে ৩০৩টি স্টেশনের মধ্যে ৪৫টিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। এসব স্টেশনের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মামলাটি আগামী ১৩ অক্টোবর আবারও শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতে যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের ভয় বা বাধা যেন না থাকে, তা নিশ্চিত করতে আদালত চত্বর ও আশপাশের এলাকার বিধিনিষেধমূলক নোটিশ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।