নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আবুল কাউসার আশার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইকবাল, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার লাভলী আক্তার এবং ৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ স্থানীয়রা এ কার্যক্রমে অংশ নেন বলে জানা গেছে।
মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকসরাইল গ্রাম ও তাজপুর ঋষিপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সতর্ক করার পরও মাদক বিক্রি বন্ধ হয়নি, অভিযোগ এলাকাবাসীর
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাদক বিক্রি বন্ধে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। এমনকি মাইকিং করেও মাদক বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। তবে এসব উদ্যোগের পরও মাদক বিক্রি বন্ধ হয়নি বলে দাবি তাঁদের।
এলাকাবাসীর আরও অভিযোগ, মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হচ্ছে। তাঁদের দাবি, অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েকজন আটক হলেও পরবর্তী সময়ে জামিনে বেরিয়ে এসে কেউ কেউ আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। আটক ব্যক্তিদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।