ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন করে সরব হয়েছেন তরুণ আন্দোলনকারীরা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন জেনারেশন জেড বা জেন-জি প্রজন্মের সদস্যরা। এই আন্দোলনের আলোচনায় উঠে এসেছেন তিনটি পরিচিত নাম—ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ছাত্রনেত্রী নেহা বোরা এবং ইউটিউবার ধ্রুব রাঠি।

তাদের পরিচয় ও আন্দোলনে ভূমিকা নিয়ে বিস্তারিত।

অভিজিৎ দীপকে

আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক অভিজিৎ দীপকে। ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর জন্ম তাঁর। বাবা ভগবানরাও দীপকে অবসরপ্রাপ্ত প্রকৌশলী এবং মা অনিতা দীপকে গৃহিণী। ভারতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির কলেজ অব কমিউনিকেশন থেকে জনসংযোগ বিষয়ে উচ্চশিক্ষা নেন তিনি।

অভিজিতের পরিচিতি বাড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্টকে কেন্দ্র করে। ভারতের সুপ্রিম কোর্টে তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করে করা মন্তব্যের প্রতিবাদে তিনি লেখেন, সব তেলাপোকা এক হয়ে গেলে কী হবে? সেই ধারণা থেকেই গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি বা সিজেপি।

শুরুতে ব্যঙ্গাত্মক উদ্যোগ হলেও পরে বেকারত্ব, পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভের মধ্যে সংগঠনটি তরুণদের আন্দোলনের একটি প্ল্যাটফর্ম হয়ে ওঠে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতেও সংগঠনটি কর্মসূচি পালন করছে।

নেহা বোরা

আন্দোলনের আরেক আলোচিত মুখ ২৯ বছর বয়সী ছাত্রনেত্রী নেহা বোরা। তিনি নাট্যকর্মী এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন—আইসার জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতের উত্তরাখণ্ডের খাতিমায় জন্ম নেওয়া নেহার বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছেন। বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়ে ওঠেন তিনি। পশ্চিমবঙ্গে থাকার সময় বামপন্থি ছাত্ররাজনীতির সঙ্গে তাঁর পরিচয় হয়।

নেহা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী।

সাম্প্রতিক বিক্ষোভে তাঁর উপস্থিতি এবং পুলিশের বাধার মুখে প্রতিবাদের বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জানিয়ে আন্দোলনে সক্রিয় রয়েছেন তিনি।

ধ্রুব রাঠি

এই আন্দোলন ঘিরে আলোচনায় রয়েছেন জার্মানিপ্রবাসী ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিও। ১৯৯৪ সালের ৮ অক্টোবর ভারতের হরিয়ানা রাজ্যে জন্ম তাঁর। জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন।

ভারতের সরকারের নীতি, রাজনৈতিক বিতর্ক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে তাঁর ভিডিও তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইউটিউব ও ইনস্টাগ্রামে বিপুল অনুসারী থাকায় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জনমত গঠনের আলোচনায়ও তাঁর নাম উঠে আসে।

সাম্প্রতিক আন্দোলন ঘিরেও তাঁর বক্তব্য ও উপস্থিতি আলোচনায় এসেছে। তবে আন্দোলনে অংশগ্রহণকারীদের রাজনৈতিক অবস্থান এক নয়; তাদের মধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন ও বিরোধী রাজনৈতিক পক্ষের সদস্যরাও রয়েছেন।

সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক, তরুণদের রাজনৈতিক সক্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—এই তিনের সমন্বয়ে ভারতের সাম্প্রতিক আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভোটার তালিকা সংশোধনের প্রকৃত প্রভাব নির্ধারণে সংশ্লিষ্ট তথ্য ও আনুষ্ঠানিক ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।