লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অভিযান চালিয়ে ২৯৫ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সিংগীমারী সীমান্তের সিংগীমারী পকেট এলাকায় এ অভিযান চালানো হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সূত্রে জানা যায়, সিংগীমারী বিওপির একটি টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৯৫ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) আরও জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।