‘বহুরূপী’ সিনেমার সাফল্যের পর প্রায় দুই বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার ভিন্নধর্মী চরিত্র নিয়ে আবারও ফিরছেন তিনি।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় ঝিমলি চরিত্রে দেখা যাবে কৌশানীকে। এবারের সিনেমায় তিনি অভিনয় করছেন এক মাছওয়ালির চরিত্রে। সিনেমাটি মুক্তির আগে প্রচারণার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। আর সেই ভিডিওতেই একেবারে ভিন্ন অবতারে দেখা গেছে কৌশানীকে। মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ আর ডি-গ্ল্যাম লুকে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন তিনি। হাতে বড় বড় মাছ নিয়ে বাজারের হকারদের মতো ক্রেতাদের ডাকতেও দেখা গেছে তাকে। মাছ কাটা ও বিক্রির দৃশ্যে মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ এমনকি বাজারের মতো গলা ছেড়ে মাছ বিক্রির ডাকও দিয়েছেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে হাসি-ঠাট্টাতেও মেতে উঠতে দেখা যায় তাকে। এর আগে ‘বহুরূপী’ সিনেমায় কৌশানীর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছিল। এবার সিক্যুয়েলে একেবারে নতুন রূপে তার প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আগামী ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র। মুক্তির আগেই কৌশানীর মাছওয়ালি অবতার সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।