পটুয়াখালীতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য জালিয়াতি করে পাসপোর্ট তৈরি এবং অর্থ-সম্পদ আত্মসাতের জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে প্রবাসী নাবিলা আক্তারসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা চেয়ে পটুয়াখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. আব্দুল রশিদ শিকদার।

অভিযোগ সূত্রে জানা যায়, নাবিলা আক্তারের পিতার নাম মোহাম্মদ নাসির বিশ্বাস এবং মাতার নাম রেশমা বেগম। রশিদ শিকদারের দাবি, নাবিলা আক্তার তার মায়ের দ্বিতীয় স্বামী আব্দুর রশিদ শিকদারের এনআইডি কার্ডের তথ্য নকল করে পাসপোর্ট তৈরি করেছেন। একই সঙ্গে তার অর্থ-সম্পদ আত্মসাতের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রশিদ শিকদার অভিযোগ করেন, এ ঘটনায় নাবিলা আক্তারকে সহযোগিতা করছেন তার খালাতো বোন সুখী আক্তার এবং সুখী আক্তারের বাবা রফিক মাতবর। তারা গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রশিদ শিকদারের অভিযোগ, নাবিলার মা ও তার দ্বিতীয় স্ত্রী রেশমা বেগম তার বাড়ি থেকে কয়েক দফায় টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে গলাচিপায় তার দুলাভাইয়ের বাসায় অবস্থান করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রশিদ শিকদার আরও দাবি করেন, একের পর এক অভিযোগ, চাপ ও হয়রানির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ভবিষ্যতে তার অর্থ-সম্পদ কিংবা ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা হলে তার দায় যেন তার ওপর না পড়ে, সে বিষয়েও প্রশাসনের সহযোগিতা চান তিনি।

এ ঘটনায় পটুয়াখালী থানায় সাধারণ ডায়েরি করে অভিযোগগুলোর তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রশিদ শিকদার। পাশাপাশি তার এনআইডি ও পাসপোর্ট-সংক্রান্ত তথ্য যাচাই, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তাকে হয়রানি বা চাপ প্রয়োগের ঘটনা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। অভিযোগে নাম আসা নাবিলা আক্তার, সুখী আক্তার, রফিক মাতবর ও রেশমা বেগমের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।