গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এবং কথিত সাংবাদিক পাপুল সরকারের যোগসাজশে জমি জবরদখল ও ক্ষতিপূরণের টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী এসব অভিযোগ তুলে ধরে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেন। একই সঙ্গে তিনি গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী অভিযোগ করেন, সরকারি নোটিশে উল্লিখিত ৩৩ দশমিক ২৫ শতাংশ জমি অধিগ্রহণের পর এলএ শাখার কতিপয় কর্মকর্তা কর্মচারী, পাপুল সরকার ও স্থানীয় একটি মহল বিভিন্ন কৌশলে তাঁর আরও প্রায় ৪ শতাংশ জমি জবরদখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তাঁকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তাঁর বৈধ দোকানপাট ভেঙে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর আরও অভিযোগ, একটি ‘মিস কেস’ সংক্রান্ত বিষয়ে পূর্বে কোনো ব্যক্তির নাম না থাকলেও পরবর্তীতে একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নথিপত্রে পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের অর্থ প্রদানের প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, তিনি তাঁর বৈধ জমি ও সম্পত্তির অধিকার রক্ষার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত চান। একই সঙ্গে এলএ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও পাপুল সরকারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।