রোববার ৮ নভেম্বর সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তিনি জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান ও মোতায়েন বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ সংগ্রহকারীদের শনাক্তের চেষ্টা চলছে।