জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকালে কলেজের শহিদ তৌহিদুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে এ দিনের ঐতিহাসিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রনেতারাও বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় সংকটের মধ্যে সেনাবাহিনীর সদস্য এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করেই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।তিনি আরও বলেন, জাতীয় সংকট মোকাবিলায় ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা,

সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী বলেন, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তৎকালীন মেজর জিয়াউর রহমানের সাহসিকতা ও নেতৃত্বের বিষয়টি ইতিহাসে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কারণে কোনো ব্যক্তির ঐতিহাসিক অবদানকে অস্বীকার বা বিকৃত করা উচিত নয়। জাতীয় ঐক্য ও ইতিহাসের সঠিক মূল্যায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।এর আগে দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণ এর শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।অনুষ্ঠানের শেষ পর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে কলেজের কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।