২০২৭ সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুই ঈদেই টানা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী বছর ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় টানা ছয় দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে দুই ঈদে মোট ১১ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন থাকবে সাধারণ ছুটি। এর আগে দুই দিন এবং ঈদের পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

অন্যদিকে ঈদুল আজহায়ও থাকছে দীর্ঘ ছুটির সুযোগ। ঈদের দিন সাধারণ ছুটির পাশাপাশি আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।ছুটির সম্ভাব্য তারিখ অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার অনুষ্ঠিত হতে পারে। আর ঈদুল আজহা হতে পারে ১৭ মে, সোমবার। তবে ইসলামি বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করায় ঈদের তারিখ পরিবর্তিত হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।তবে নির্ধারিত ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে কার্যত ছুটির সুবিধা কিছুটা কমে আসবে।এদিকে আগামী বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও দুই দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।সব মিলিয়ে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় দুই ঈদে দীর্ঘ ছুটির পাশাপাশি অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসেও ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় টানা ছুটির সুযোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে আসবে।