শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়ক ও সরকারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ���াঁরা দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপু���ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর কোর্স সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মহাপরিচালক বলেন, দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। বিশেষ করে মহাসড়ক ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো মহল যাতে জানমালের ক্ষতিসাধন করতে না পারে, সে বিষয়ে আনসার ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক রয়েছে। থানা ও ওয়ার্ডভিত্তিক আনসার সদস্যরা মাঠপর্যায় থেকে বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। এর মাধ্যমে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে আগাম তথ্য পাওয়া যাচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

এর আগে আনসার একাডেমিতে আয়োজিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা শৃঙ্খলাপূর্ণ পরিবেশনায় অংশ নেন। তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত আনসার সদস্যরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনজন আনসার সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক থেকে আগত প্রশিক্ষণসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষক এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।