ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গী বাজারে রাতের আঁধারে এক তরুণ উদ্যোক্তার আঙুর বাগানের শতাধিক গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানটির উদ্যোক্তা। নিজের স্বপ্নের বাগান এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাশ হয়ে পড়েছেন মাত্র ১৯ বছর বয়সী তরুণ উদ্যোক্তা রাহাত আলম বর্ষা।মাত্র ১৯ বছর বয়সে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে আঙুর চাষে উদ্যোগী হয়েছিলেন রাহাত আলম বর্ষা। সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই তরুণ প্রায় ৫০ শতক জমির ওপর গড়ে তোলেন আঙুরের বাগান। প্রায় ছয় মাস আগে লাগানো বাগানটিতে ছিল আনুমানিক ৩০০টি আঙুরগাছ। বাগানটি গড়ে তুলতে তাঁর বিনিয়োগ ছিল প্রায় পাঁচ লাখ টাকা।কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের প্রায় ১০০ থেকে ১৫০টি আঙুরগাছ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কেটে দেওয়া কয়েকটি গাছে আঙুরের ফলও ধরেছিল। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তা। স্বপ্নের বাগানের এমন ক্ষতি মেনে নিতে পারছেন না তিনি। দ্রুত ঘটনার বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান রাহাত।
বাগানটি দেখতে এসে রাহাতের বন্ধু সোহাগ হাসান বলেন, বাগানটি তাঁর বন্ধু বর্ষার। প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে অনেক স্বপ্ন নিয়ে সে বাগানটি গড়ে তুলেছিল। কিন্তু প্রায় ১০০টি গাছ কেটে দেওয়ায় তাঁর বন্ধু বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে বর্ষা প্রায় নিঃস্ব হওয়ার পথে। তিনি এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।বাগান দেখতে আসা সম্ভু রায় সিংহ বলেন, তিনি প্রায়ই এই পথ দিয়ে যাতায়াত করেন এবং বাইরে থেকে বাগানটি দেখতেন। তবে এর আগে কখনো বাগানের ভেতরে প্রবেশ করেননি। গাছ কেটে ফেলার খবর শুনে আজ বাগানের ভেতরে প্রবেশ করে ক্ষয়ক্ষতির চিত্র দেখে তিনি মর্মাহত হন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ১০০ থেকে ১৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, মশিরুল ইসলাম জানান, আগে তিনি দীর্ঘদিন ধরে এই জমিতে আবাদ করতেন। পরবর্তীতে জমিতে আঙুরের বাগান গড়ে তোলার পরিকল্পনা করা হলে তিনি রাহাত আলম বর্ষাকে জমিটি ছেড়ে দেন। তাঁর প্রত্যাশা ছিল, বালিয়াডাঙ্গীতে আঙুর চাষের এই উদ্যোগ সফল হলে তা এলাকার মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বাগানটি ভালোভাবে গড়ে উঠলে এলাকার অন্যরাও উৎসাহিত হয়ে বিভিন্ন স্থানে আঙুর চাষে এগিয়ে আসবেন। সেই আশাতেই তিনি জমিটি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু বাগানের বর্তমান অবস্থা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার দাবি করেন তিনি।এদিকে, স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে। ঘটনার স��্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তার পাশে দাঁড়িয়ে ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।একজন তরুণের স্বপ্ন, পরিশ্রম ও বিনিয়োগে গড়ে ওঠা আঙুরের বাগানটি এখন ক্ষতিগ্রস্ত। বালিয়াডাঙ্গীতে সম্ভাবনাময় এই উদ্যোগের এমন পরিণতিতে হতাশ স্থানীয়রাও। এখন উদ্যোক্তা ও এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন।