মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে চলমান মজুরি বৃদ্ধির আন্দোলন, শিল্পকারখানা রক্ষা এবং মালিক ও শ্রমিকদের প্রতি সুনির্দিষ্ট আহ্বান জানানো হবে।এতে উপস্থিত থাকবেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদিব। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।
জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋয়াজ মোর্শেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এদিকে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মিরপুর-১১ ও ১২ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।অন্যদিকে আন্দোলনের মধ্যে নাশকতা ও ভাঙচুর ঠেকানোর কথা বলে মিরপুর-১১ এলাকায় অবস্থান নিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।শুধু রাজধানী নয়, গাজীপুর ও আশুলিয়াতেও পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সংঘর্ষ চলছে। সব মিলিয়ে শ্রমিক অসন্তোষের কারণে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।