ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলন ঘিরে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে রাজধানীর মিরপুর-১১ এলাকায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আবারও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। তাদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে দেশের পোশাকশিল্পে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা এবং শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে যাওয়ায় মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ ও সাভার-আশুলিয়া-জিরানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলের মোট ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কাজ না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক।সোমবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট দুই হাজার ১৩৪টি কারখানা রয়েছে। এর মধ্যে এক হাজার ৪৫৫টি কারখানা খোলা থাকলেও শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ ছিল ৬৭৯টি। সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।
শিল্পাঞ্চলভিত্তিক তথ্য অনুযায়ী, মিরপুরের ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি থেকে শ্রমিকরা বের হয়ে যান। এতে কাজ বন্ধ রেখে বাড়ি ফিরে যান ৫৩ হাজার ৮৪০ জন শ্রমিক।গাজীপুর ও ময়মনসিংহ এলাকার ৮৩৬টি কারখানার মধ্যে বন্ধ ছিল ৩৮২টি। অন্যদিকে সাভার, আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টির শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। এ অঞ্চলে কর্মবিরতিতে ছিলেন সাত লাখ ৪৩ হাজার শ্রমিক।নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে ৯টি থেকে শ্রমিকরা বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চট্টগ্রামের ৩৪০টি কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ বা কাজ বন্ধের ঘটনা ঘটেনি।শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।