মঙ্গলবার বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দেশের নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজস্ব উৎসের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সোলার এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সোলার এক্সপোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান ও তরুণ কর্মীদের অংশগ্রহণ প্রমাণ করে—কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী পদ্ধতিতেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি এখন আর কেবল সম্ভাবনার খাত নয়, বরং বাংলাদেশের জন্য এটি অনিবার্য বাস্তবতা।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, এ খাতে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।তিনি আরও জানান, আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিগত সময়ে দেশকে পুরোপুরি আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থের অভাবে যেন উদ্যোক্তারা সৌরবিদ্যুৎ খাতে এগিয়ে যাওয়ার সুযোগ থেকে পিছিয়ে না পড়েন, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।