নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিনের যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বন্দর বাজার থেকে বন্দর ঘাট পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ফুটপাতের অবৈধ স্থাপনা সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।

সোমবার (২ নভেম্বর) সকালে অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর ঘাট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সেক্রেটারি হুমায়ুন কবিরের উদ্যোগে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় বন্দর ঘাট সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, বুরুন্দী চৌধুরী বাড়ি অটোলাইনসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতের অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হতো, অন্যদিকে পথচারীদেরও চরম ভোগান্তিতে পড়তে হতো। ফুটপাত দখলমুক্ত হলে এ দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

এ বিষয়ে উদ্যোগের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, বন্দর বাজার থেকে বন্দর ঘাট পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে পথচারী, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং যানজট নিরসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার মানুষের স্বার্থে ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী রাখা জরুরি। বন্দর বাজার থেকে বন্দর ঘাট পর্যন্ত সড়কে সবাই যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে বন্দরের গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট ও জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানান তারা।