বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে এবং তা বাস্তবায়ন করে—এটাই দলটির রাজনৈতিক ইতিহাস বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে সবার আগে তার শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে।

সোমবার ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো জাতিকে ধ্বংস করতে হলে প্রথমেই তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করা হয়। অতীতে দেশের সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থায় বিভিন্ন ধরনের অপসংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তিক দূষণ ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, এসব ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ও ক্যান্টিন সংকটের কথা তুলে ধরেন। তিনি দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ এবং নির্মাণাধীন দুটি হলের কাজ দ্রুত শেষ করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

আলোচনা সভায় শিক্ষার্থীদের আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন এবং সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ এবং গুমের শিকার তিন ছাত্রনেতাকে স্মরণ করা হয়।

এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা এবং নগরবাউল জেমসের কনসার্টের আয়োজন রাখা হয়েছে।