শ্রমিক আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি গুরুত্বপূর্ণ এলাকা। শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সরিয়ে দিতে গিয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনায় সাংবাদিকসহ বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
সোমবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।
অন্যদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসন। তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। একই ঘটনায় এসএ টিভির এক ক্যামেরাপারসন পায়ে আঘাত পেয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সোমবারও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ একসঙ্গে কাজ করছে।শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং সংঘর্ষের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।