কুষ্টিয়ার দৌলতপুরে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলে ৮ লাখ টাকা ও ৮ জনের পাসপোর্ট আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লুৎফর রহমান (৫৮)।

অভিযোগকারী লুৎফর রহমানের সঙ্গে অভিযুক্ত মোঃ মাহাবুল মোল্লা ও মাহাবুব হকের পূর্বপরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তরা মালয়েশিয়ায় লোক পাঠানোর আশ্বাস দেন। তাদের কথায় বিশ্বাস করে প্রথমে চারজনকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন অভিযোগকারী।

পরবর্তীতে আরও কয়েকজনকে বিদেশে পাঠানোর কথা বলে এলাকার মোট আটজনের পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করা হয়।

অভিযুক্তদের দেওয়া নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ৮ লাখ টাকা জমা দেওয়া হয়। পাশাপাশি আটজনের পাসপোর্টও জমা দেওয়া হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাউকে

মালয়েশিয়ায় পাঠানো হয়নি। বরং টাকা ফেরত না দিয়ে পাসপোর্টগুলোও আটকে রাখার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলেও অভিযুক্তরা তা ফেরত দিচ্ছেন না। উল্টো বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমনকি টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না পেয়ে অবশেষে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী লুৎফর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার দেওয়া ৮ লাখ টাকা ও আটজনের পাসপোর্ট উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে,,,