জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭। তবে অন্য বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

শুক্রবার, ৩০ অক্টোবর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, উড্ডয়নের আগে পরীক্ষার সময় বিমানে একটি সফটওয়্যারজনিত ত্রুটি ধরা পড়ে। সমস্যাটি ছিল বিমানের বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবস্থায়। তবে বিমানের ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না বলে জানান তিনি।

ত্রুটি মেরামতের কারণে ফ্লাইটটির উড্ডয়ন প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিলম্বিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, চাইলে প্রধানমন্ত্রী অন্য বিমানে দেশে ফিরতে পারতেন, এমনকি জাপানে অবস্থানেরও সুযোগ ছিল তাঁর। কিন্তু তিনি সফরসঙ্গীদের আশ্বস্ত করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে একই ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

বিলম্বের সময় প্রধানমন্ত্রী ফ্লাইটে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশেষ করে বিমানে থাকা শিশুদের খাবারের ব্যবস্থা করেন এবং তাদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি খেয়াল রাখেন বলে জানান আতিকুর রহমান রুমন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের প্রকৌশল দল এবং জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের উপব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেরামত শেষে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। এরপর সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বিলম্ব হলেও প্রয়োজনীয় মেরামত শেষে ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করে।