কিশোরগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইয়াসিন মোল্লা ওরফে আব্দুল হান্নানকে (৫২) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, ময়মনসিংহ।
​মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১২:৫০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার গলাকাটা মোড় এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন মোল্লা কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাগপাড়া এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন রংপুর কোতোয়ালি থানার মামলা নং-৪৯ (তারিখ: ১৩ এপ্রিল ২০১৫ খ্রি.) এর ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
​দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪, ময়মনসিংহ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে কিশোরগঞ্জ সদর থানার গলাকাটা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।