"নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ ২৮ অক্টোবর ২০২৬, বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বরগুনার যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ​বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, বরগুনা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা; অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা; নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তর, বরগুনা; সহকারী পরিচালক, বিআরটিএ, বরগুনা; বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, নিরাপদ সড়ক চাই সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোটরযান চালক ও যাত্রীদের বিভিন্ন করণীয় ও সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ​আলোচনায় মোটরযান চালকদের প্রতি গতিসীমা মেনে চলা, বেপরোয়া বা অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং নির্দিষ্ট স্থান ছাড়া মোটরযান না চালানোর আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে সড়ক আইনের প্রতি আনুগত্যের স্বীকৃতিস্বরূপ চারজন বাস চালককে সনদ ও ক্রেস্ট এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের অনুকূলে মোট ১৫ (পনেরো) জনকে সর্বমোট ৫১ (একান্ন) লক্ষ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মহোদয়।

মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।