কাউন্টারে টিকিট নেই, অনলাইনে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই উধাও—অথচ সেই টিকিটই চড়া মূল্যে মিলছে স্টেশনের প্ল্যাটফর্মে। কিশোরগঞ্জের গচিহাটা রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি কথিত কালোবাজারি চক্রের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়লেও স্টেশন এলাকায় এই অবৈধ টিকিট কেনাবেচা বন্ধ হচ্ছে না।
স্থানীয় সূত্র ও যাত্রীদের অভিযোগ অনুযায়ী, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে তা খোলা বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে। শোভন শ্রেণি: ১৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। শোভন চেয়ার শ্রেণি: নির্ধারিত মূল্যের চেয়ে বাড়িয়ে রাখা হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।
কাউন্টারে টিকিট না পেয়ে বাধ্য হয়ে অনেকযাত্রী দ্বিগুণ বা তিনগুণ বেশি দামে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে যেমন সাধারণ মানুষের পকেট কাটছে, অন্যদিকে টিকিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় যাত্রী বলেন, “প্রতিদিন প্ল্যাটফর্মে প্রকাশ্যে হাতে হাতে টিকিট বিক্রি করতে দেখা যায়। কাউন্টারে টিকিট না পেয়ে বাধ্য হয়ে আমাদের চড়া দামে তাদের কাছ থেকেই টিকিট কিনতে হয়।”
অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গচিহাটা এলাকার মো. রনি ভূঁইয়া, তাঁর ছোট ভাই জেনি ভূঁইয়া এবং মো. দীপন শাহ নামের তিন ব্যক্তির একটি চক্র এই টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। অনলাইনে টিকিট ছাড়ার পরপরই নানা কৌশলে টিকিট সংগ্রহ করে তারা প্ল্যাটফর্মে অতিরিক্ত দামে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে চলা এই অনিয়ম ও কালোবাজারি রোধে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গচিহাটা রেলওয়ে স্টেশনের নতুন স্টেশন মাস্টার আরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমি এই স্টেশনে নতুন যোগদান করেছি। টিকিট কালোবাজারির বিষয়টি টের পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নোট পাঠিয়েছি। আশা করছি, খুব দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
রেলওয়ে থানার বক্তব্য: কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, “অভিযুক্ত তিনজনের বিষয়ে আমাদের কাছেও তথ্য রয়েছে। তাদের মাধ্যমে টিকিট কালোবাজারি হয় বলে অভিযোগ পেয়ে আমরা একাধিকবার অভিযান চালিয়েছি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”
এবং “ভৈরব–কিশোরগঞ্জ সেকশনে টিকিট কালোবাজারি রোধে পুলিশ তৎপর রয়েছে। অতি দ্রুত বড় পরিসরে যৌথ অভিযান পরিচালনা করা হবে এবং এই অবৈধ সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে।”
অনলাইনে টিকিট ছাড়ার পরেও সাধারণ যাত্রীরা কেন টিকিট পান না এবং এই চক্রের পেছনে নেপথ্যে কারা মদদ দিচ্ছে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। যাত্রীদের প্রত্যাশা, রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিয়ে টিকিট বিক্রিতে স্বচ্ছতা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজতর করবে।