সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ০২:৫০ পিএম
নন্দিত টিভি
তারেক রহমানের সঙ্গে তারো আসোর বৈঠক, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আলোচনা

তারেক রহমানের সঙ্গে তারো আসোর বৈঠক, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আলোচনা

watermark
nonditotvnews

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো। সোমবার জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। জাপানের স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান। ২০০৬ সালে জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন তিনি। অন্যদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন তারো আসো।

বৈঠকে তারো আসো বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাপানি বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনা তৈরি করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহী।

জবাবে প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কিছু আইনি পরিবর্তনও আনা হচ্ছে। পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও জাপানের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানের সাবেক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, মন্ত্রী তাতসুনোরি ইবায়াশি ও দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে এই আলোচনা কীভাবে বাস্তব অগ্রগতিতে রূপ নেয়, এখন সেদিকেই নজর থাকবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট