রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:২০ পিএম
নন্দিত টিভি
বিজেএস পরীক্ষার্থীদের যাতায়াতে বাসের ব্যবস্থা চায় ইবি ছাত্রদল

বিজেএস পরীক্ষার্থীদের যাতায়াতে বাসের ব্যবস্থা চায় ইবি ছাত্রদল

watermark
Jewel Hossain

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শতাধিক শিক্ষার্থীর যাতায়াতে বাসের ব্যবস্থা করার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বরাবর শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়।

আবেদনে বলা হয়, আগামী ৩১ অক্টোবর ১৯তম বিজেএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। বিচার বিভাগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যার ধারাবাহিকতায় সর্বশেষ ১৮তম বিজেএস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আইন-সংশ্লিষ্ট বিভাগের ১৯ জন শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এতে আরও উল্লেখ করা হয়, বিপুলসংখ্যক পরীক্ষার্থীর কেন্দ্রে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত উদ্যোগে যাতায়াত করতে গেলে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয়, যানজট এবং নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। দীর্ঘদিনের প্রস্তুতি ও পরিশ্রমের পর পরীক্ষার দিন নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করা আবশ্যক। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবহন সহায়তা দিলে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি মিলবে এবং আর্থিক চাপও কমবে।

এ অবস্থায় পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রের অবস্থান বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক বাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায় শাখা ছাত্রদল।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট