রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:১৪ পিএম
নন্দিত টিভি
কালীগঞ্জে প্রতিবন্ধীর জমি জবরদখল, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

কালীগঞ্জে প্রতিবন্ধীর জমি জবরদখল, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

watermark
Jewel Hossain

গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে জমি জবরদখল, গাছ কেটে ক্ষতিসাধন, প্রতিবন্ধী নারীসহ পরিবারের সদস্যদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে নুরু মিয়া ও তার প্রতিবন্ধী বোনের পৈত্রিক জমির পাশের জমি ক্রয় করেন ধানমন্ডির মীর সজিবুর রহমান। তিনি ক্রয়কৃত সম্পত্তি ছাড়াও নুরু মিয়াদের সম্পত্তি জবরদখল করে পাকা সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে নুরু মিয়া বাধা দেন। বাধা পেয়ে মীর সজিবুর রহমান বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইমকে ম্যানেজ করেন। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে তাদের নির্দেশে বেরুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে রতন মিয়া, মৃত মুকুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, আউলিয়ার ছেলে নাজমুল, আতা মিয়া দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে নুরু মিয়াদের জমিতে প্রবেশ করে বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে জবরদখলকৃত জমিসহ সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। নুরু ও তার পরিবারের সদস্যরা তাদেরকে পুনরায় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা নুরুর ভাই বউ খালেদা, ভাইঝি আফরিন ও প্রতিবন্ধী বোন শরীফাকে মারধর ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আমি জমির কোনো পক্ষ নই। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। একটি মহল আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম বলেন, বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের নুরু মিয়া স্থানীয়দের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট