শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৯:২৭ পিএম
নন্দিত টিভি
বন্দরে দেশীয় অস্ত্রসহ ডাকাত খোকন চোক্কাসহ গ্রেপ্তার ৩

বন্দরে দেশীয় অস্ত্রসহ ডাকাত খোকন চোক্কাসহ গ্রেপ্তার ৩

watermark
Jewel Hossain

নারায়ণগঞ্জের বন্দরে দেশীয় অস্ত্রসহ ডাকাত খোকন চোক্কা (৩৬) ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপর দুজন হলেন মো. পারভেজ (২৮) ও মো. মঞ্জুর (৫০)। এ সময় তাঁদের হেফাজত থেকে ছয়টি দেশীয় অস্ত্র ও অস্ত্র-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোকন চোক্কা সোনাচড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। অপর দুই গ্রেপ্তার পারভেজ ও মঞ্জুর রামনগর এলাকার বাসিন্দা।

বন্দর থানা পুলিশ জানায়, অভিযানে একটি কাঠের বাটযুক্ত লোহার রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার চাপাতি, কালো কস্টেপে মোড়ানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং প্লাস্টিকের কভারযুক্ত একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় বন্দর থানায় মামলা করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খোকন চোক্কার বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা চলমান রয়েছে এবং তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা চলমান এবং তাঁর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম, মামুন ইসলাম, ইয়াসিন আরাফাতসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট