পাবনার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোস্তফা কামালের বাড়ি ভেঙে ফেলার পর এবার সেই বাড়ির মাটিও নিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ স্থানীয়রা। দোতলা বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইট, বালু এমনকি মাটির নিচের ফাউন্ডেশনের রডও খুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
গত ১৮ সেপ্টেম্বর জুমার নামাজের পর বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ২৪ অক্টোবর শনিবারও চলে ভাঙার কাজ। স্থানীয়দের কেউ কেউ বাড়ির মাটি রাস্তার কাজে ও নিজেদের প্রয়োজনে ব্যবহার করছেন। কেউ কেউ সেখানে পুকুর তৈরির কথাও জানিয়েছেন।
বাড়ি ভাঙার কাজে অংশ নেওয়া স্থানীয়দের বক্তব্য, শিশু হত্যার মতো অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির বার্তা দিতেই তারা বাড়িটির কোনো চিহ্ন রাখতে চান না।
এদিকে বাড়ি ভাঙার কাজ প্রায় শেষ হলেও মামলার অভিযোগপত্র বা চার্জশিট দাখিল না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহত শিশুটির স্বজনেরা। তাদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিশুটির দাদা আব্দুস সোবহান অভিযোগ করেন, এত দিনেও চার্জশিট না হওয়ায় তারা হতাশ। আরেক স্বজন রমজান আলীও মামলার দ্রুত অগ্রগতি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, মামলার তদন্ত এগোচ্ছে। ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি। সাত দিন পর, ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী মোস্তফা কামাল ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, রিমান্ডে মোস্তফা কামাল ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। অন্যদিকে ইয়াছিন আলী ধর্ষণ ও হত্যার অভিযোগ অস্বীকার করে হত্যার পর সহযোগিতার কথা জানিয়েছেন। মামলাটির তদন্ত এখনো চলমান।