ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে তিনি দাবি করেন, দুই পারমাণবিক শক্তিধর দেশকে চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিলেন তিনি।
শুক্রবার, ২৩ অক্টোবরের ওই সমাবেশে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালে দুই দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার এবং ২৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন তিনি। এরপর দুই দেশ গোলাগুলি বন্ধ করে দেয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও বলেন, সংঘাতে ১১টি বিমান ভূপাতিত হয়েছিল। তবে কোন পক্ষের কতটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
নিজের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, তিনি মোট আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন এবং এ প্রচেষ্টায় জাতিসংঘের সহায়তা নেননি।
তবে এসব সংঘাত নিরসনে তাঁর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা রয়েছে। ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা নিয়ে ভারতের পক্ষ থেকে আগেও ভিন্ন বক্তব্য এসেছে।
সমাবেশে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আটটি যুদ্ধের নিষ্পত্তি করেও তিনি নোবেল পুরস্কার পাননি।