শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৪:৪৭ পিএম
নন্দিত টিভি
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত

জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত

watermark
nonditotvnews

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাঁকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার, ২৪ অক্টোবর, রাজধানীর সিরডাপে কপ-৩১ জলবায়ু সম্মেলন সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশ এবং জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফর করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ।

এদিকে, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ জলবায়ু সম্মেলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সীমিত বাজেটের মধ্যেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।

তিনি আরও বলেন, জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি অভিযোজন ও নিঃসরণ প্রশমনে সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়াতে এই সহায়তা অনুদান হিসেবে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে সরকার, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে বলে জানান শামা ওবায়েদ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট