শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:১৮ পিএম
নন্দিত টিভি
বন্দরে সাইফুল ডাকাত গ্রেপ্তার, অধরা ডাকাত মামুন, গ্রেপ্তারে অভিযান অব্যাহত

বন্দরে সাইফুল ডাকাত গ্রেপ্তার, অধরা ডাকাত মামুন, গ্রেপ্তারে অভিযান অব্যাহত

watermark
Jewel Hossain

নারায়ণগঞ্জের বন্দরে ইউপি সদস্য মনোয়ার হোসেন ও রোমানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ‘মামুন গং’-এর সদস্য মো. সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় আলোচিত মামুন এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে বন্দর উপজেলার মনারবাড়ী এলাকায় নবীগঞ্জ–মদনপুর সড়কের পাশে অভিযান চালিয়ে মো. সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৮ এপ্রিল চাঁদা দাবির জেরে মুছাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন ও রোমানের ওপর হামলার অভিযোগ ওঠে ‘মামুন গং’-এর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ধারালো অস্ত্রের আঘাতে তারা দুজন গুরুতর আহত হন। এ ঘটনায় ২০ এপ্রিল বন্দর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত মামুন গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদে গত ৪ মে মুছাপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, মামলা দায়েরের পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত মামুন ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সাইফুল গ্রেপ্তার হলেও মামলার প্রধান অভিযুক্ত মামুনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট