বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ পিএম
নন্দিত টিভি
সমাবর্তন ফি কমানোর দাবিতে জবি প্রশাসনকে জকসুর আল্টিমেটাম

সমাবর্তন ফি কমানোর দাবিতে জবি প্রশাসনকে জকসুর আল্টিমেটাম

watermark
Jewel Hossain

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে নির্ধারিত অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। আগামী রোববার দুপুর ১২টার মধ্যে ফি পুনর্নির্ধারণ করা না হলে উপাচার্যের ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেসবুক পোস্টে মাসুদ রানা বলেন, হলবিহীন বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এই ফি বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ বিষয়ে উপাচার্যকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়া শিক্ষার্থীদের ক্ষোভ বাড়িয়ে তুলছে। সমাবর্তন ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের সংহতি জানানোর আহ্বান জানান তিনি।

​জানা গেছে, ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের মোট ফি ধরা হয়েছে যথাক্রমে ৫,৫০০ টাকা ও ৬,৫০০ টাকা। যেখানে ঢাবির ৫৩তম সমাবর্তনে স্নাতক ফি ছিল ৩,৩২০ টাকা, যা জবির তুলনায় প্রায় ৬৬ শতাংশ কম। এছাড়া জবির প্রথম সমাবর্তনের তুলনায়ও এবার ফি অনেক বাড়ানো হয়েছে।

​এ অন্যায্য ও বর্ধিত ফির কারণে অনাবাসিক শিক্ষার্থীদের মেসভাড়া ও দৈনন্দিন খরচ সামলে সমাবর্তনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র ক্ষোভ প্রকাশ করছেন প্রাক্তন শিক্ষার্থীরা। জকসু সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ জানান, বারবার স্মারকলিপি জমা ও আলোচনার পরও প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো আমলে নিচ্ছে না, যা হতাশাজনক।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট