বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ০২:৪৬ পিএম
নন্দিত টিভি
মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

watermark
nonditotvnews

মিশরে যাত্রীবাহী বাস ও ভারী পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার দেশটির কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সড়কজুড়ে ছড়িয়ে পড়ে বাসের ভাঙা অংশ, ছেঁড়া আসন ও রক্তমাখা ধ্বংসাবশেষ। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের অংশ সরিয়ে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

প্রতিবেদন অনুযায়ী, গিজার দিকে যাওয়ার আঞ্চলিক রিং রোডের সংযোগস্থলের কাছে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায়।

মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, দুর্ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের মধ্যে ৩০ জনকে চিকিৎসার জন্য ৬ অক্টোবর সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং অতিরিক্ত চিকিৎসাসামগ্রী ও জনবল প্রস্তুত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। পরে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে মৃতের সংখ্যা বেড়ে ১৩ এবং আহতের সংখ্যা ৩৪ জনে দাঁড়ায়।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট