তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির পূর্ণাঙ্গ পাঠ মঙ্গলবার দেশটির সংসদে জমা দিয়েছে তুরস্ক সরকার। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর বাইরে থেকে সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ পরিস্থিতিতে আক্রান্ত দেশকে সামরিক সক্ষমতাসহ পারস্পরিক সহায়তার সব উপায় কাজে লাগিয়ে সহযোগিতা করবে অন্য সদস্যরা।
গত আগস্টে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে নতুন একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাটো জোটের চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদের মতো এতে সদস্য দেশগুলোর পারস্পরিক প্রতিরক্ষার অঙ্গীকার রয়েছে। তবে চুক্তিতে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলকে সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই চুক্তিটির পূর্ণাঙ্গ পাঠ সংগ্রহ করেছে। এতে সদস্য দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কোনো সদস্য দেশের সার্বভৌমত্ব বা সীমান্ত হুমকির মুখে পড়লে সেই হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে অন্য দেশগুলো।
চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশ অন্য কোনো দেশ বা একাধিক দেশের সামরিক আগ্রাসনের শিকার হলে আক্রান্ত দেশকে অবিলম্বে সহায়তা দেওয়া হবে। কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রতিটি দেশ নিজেদের বিদ্যমান সম্পদ ও সক্ষমতার সীমার মধ্যে থেকে সহযোগিতা করবে। এর মধ্যে সামরিক উপায় ও সক্ষমতাও অন্তর্ভুক্ত থাকবে। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করাও এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।
চুক্তির তৃতীয় ও চতুর্থ অনুচ্ছেদে প্রতিরক্ষা, প্রতিরক্ষা শিল্প ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ সহযোগিতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে নিয়মিত পরামর্শের কথা বলা হয়েছে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলা এবং অভিন্ন স্বার্থ রক্ষায় তিন দেশ একক ও যৌথ উদ্যোগে কাজ করবে।
পঞ্চম অনুচ্ছেদে সন্ত্রাসবাদ মোকাবিলায় বিদ্যমান সহযোগিতা ও যৌথ প্রচেষ্টা আরও জোরদারের অঙ্গীকার রয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলে, এমন সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় তিন দেশ সহযোগিতা করবে।
ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, যুদ্ধ ও শান্তিকাল—উভয় সময়েই তিন দেশের সামরিক কর্মকর্তাদের পারস্পরিক বিনিময়, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি ও সামরিক মহড়ার আয়োজন করা হবে। প্রয়োজন অনুযায়ী যৌথ মোতায়েন ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পারস্পরিক কার্যক্ষমতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
চুক্তির সপ্তম অনুচ্ছেদে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, যৌথ গবেষণা, প্রযুক্তির উন্নয়ন এবং সামরিক সরঞ্জাম যৌথভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পের কর্মীদের প্রশিক্ষণ, বিশেষজ্ঞদের সহায়তা এবং সামরিক গবেষণা ও উদ্ভাবনে অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থাও থাকবে।
অষ্টম অনুচ্ছেদে গঠন করা হয়েছে ‘কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি’। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা থাকবেন। কমিটির দায়িত্ব হবে যৌথ প্রতিরক্ষার কৌশলগত দিকনির্দেশনা দেওয়া, নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং চুক্তি বাস্তবায়নের পথে তৈরি হওয়া প্রতিবন্ধকতা দূর করা।
কমিটি বছরে দুবার বৈঠক করবে। পালাক্রমে তিন দেশের একেকটি দেশ বৈঠকের আয়োজন করবে। প্রয়োজন মনে করলে দেশগুলোর নেতারা বছরে একবার বৈঠক করতে পারবেন। মূল তিন দেশের সর্বসম্মতিতে অন্য কোনো দেশকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার নিয়ম ও নীতিও নির্ধারণ করতে পারবে কমিটি।
চুক্তি বাস্তবায়নে সহায়তার জন্য সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এর মহাসচিব তিন দেশের মধ্য থেকে পালাক্রমে তিন বছরের জন্য নিয়োগ পাবেন। প্রথম মহাসচিব হবেন পাকিস্তানের নাগরিক। এ কমিটির কার্যক্রমে সহায়তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উপকমিটি গঠনের সুযোগও রাখা হয়েছে।
নবম অনুচ্ছেদে গোয়েন্দা সহযোগিতা গভীর করার কথা বলা হয়েছে। তিন দেশ পারস্পরিক সম্মত নিরাপদ মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময় করবে। এ ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা এবং ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
দশম অনুচ্ছেদে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিধান রাখা হয়েছে। সরবরাহব্যবস্থার প্রাপ্যতা ও সামঞ্জস্যের শর্তে শান্তিকাল, যুদ্ধকাল এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে একে অন্যকে অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি, খুচরা যন্ত্রাংশ ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতে পারবে সদস্য দেশগুলো।
একাদশ অনুচ্ছেদে আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চুক্তির বিধান বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত আইনি ব্যবস্থাও গ্রহণ করা যাবে। দ্বাদশ অনুচ্ছেদে বলা হয়েছে, আগে স্বাক্ষরিত অন্যান্য আন্তর্জাতিক চুক্তি থেকে সদস্য দেশগুলোর অধিকার ও বাধ্যবাধকতার ওপর নতুন এই চুক্তি কোনো প্রভাব ফেলবে না।
ত্রয়োদশ অনুচ্ছেদে গোপনীয় তথ্য ও নথি সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিধান রাখা হয়েছে। চুক্তির আওতায় পাওয়া শ্রেণিবদ্ধ তথ্য ও নথি সদস্য দেশগুলোর বাইরে অন্য কোনো রাষ্ট্র, কোম্পানি বা ব্যক্তির সঙ্গে বিনিময় করা যাবে না। এসব তথ্য ব্যবহারের অনুমতি থাকবে কেবল প্রয়োজনের ভিত্তিতে এবং যথাযথ নিরাপত্তা ছাড়পত্রধারী ব্যক্তিদের।
চুক্তির ব্যাখ্যা বা বাস্তবায়ন নিয়ে কোনো বিরোধ দেখা দিলে চতুর্দশ অনুচ্ছেদ অনুযায়ী আলোচনা ও পরামর্শের মাধ্যমে বন্ধুত্বপূর্ণভাবে তা নিষ্পত্তি করতে হবে। পঞ্চদশ অনুচ্ছেদে বলা হয়েছে, মূল তিন দেশের মধ্যে আলোচনা ও সর্বসম্মতির ভিত্তিতে চুক্তিতে সংশোধন আনা যাবে।
চুক্তির মেয়াদ ও প্রত্যাহারের বিষয়টি নির্ধারণ করা হয়েছে ষোড়শ অনুচ্ছেদে। এতে কোনো নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তারিখ রাখা হয়নি; অর্থাৎ, চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। তবে কার্যকর হওয়ার পর প্রথম ১০ বছর কোনো সদস্য দেশ চুক্তি থেকে সরে যেতে পারবে না। ১০ বছর পার হলে কোনো দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারবে। সে ক্ষেত্রে কূটনৈতিক মাধ্যমে অন্য সদস্য দেশগুলোকে অন্তত তিন মাস আগে লিখিতভাবে জানাতে হবে।
চুক্তি থেকে কোনো দেশ সরে গেলেও আগে সম্মত হওয়া চলমান কার্যক্রম ও প্রকল্পের ওপর তার প্রভাব পড়বে না। একইভাবে, চুক্তির আওতায় পাওয়া গোপনীয় তথ্য ও নথির সুরক্ষা এবং সেগুলো প্রকাশ না করার দায়িত্ব প্রত্যাহার বা চুক্তির অবসানের পরও বহাল থাকবে।
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নিজ নিজ অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চুক্তিটি কার্যকর হবে। কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সচিবালয়ে অনুমোদনের সর্বশেষ দলিল জমা দেওয়ার দিন থেকে চুক্তিটি কার্যকর বলে গণ্য হবে।
চুক্তিটি তুর্কি, আরবি ও ইংরেজি—এই তিন ভাষায় স্বাক্ষরিত হয়েছে। তিনটি ভাষার পাঠই সমানভাবে প্রামাণ্য। তবে ব্যাখ্যার ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা দিলে ইংরেজি পাঠকে প্রাধান্য দেওয়া হবে।
সব মিলিয়ে, এই চুক্তির মাধ্যমে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান সামরিক প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে চুক্তিটি বাস্তবায়নের জন্য তিন দেশের নিজ নিজ অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।