নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়নের গোবিন্দ কুল এলাকায় দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ইয়া নবী।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাদ আসর তিনি গোবিন্দ কুল এলাকার পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে হাজী ইয়া নবী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
তিনি আরও বলেন, “সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং উৎসবকে ঘিরে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।