সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ০৮:৩৮ এএম
নন্দিত টিভি
জবির দ্বিতীয় ক্যাম্পাসে দুই হাজার মাছের পোনা অবমুক্ত করলেন ছাত্রদল নেতা জাফর

জবির দ্বিতীয় ক্যাম্পাসে দুই হাজার মাছের পোনা অবমুক্ত করলেন ছাত্রদল নেতা জাফর

watermark
Jewel Hossain

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। সবুজায়ন, জলজ প্রাণীর বৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে প্রায় দুই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (১৮ অক্টোবর) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুর ও লেকে এ কার্যক্রম পরিচালিত হয়। এর আগে গত ২ অক্টোবর একই ক্যাম্পাসে জাফর আহমেদের উদ্যোগে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল।

কর্মসূচিতে পুকুরে রুই ও তেলাপিয়া এবং লেকে শিং, মাগুর, রুই ও কৈসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসের জলজ সম্পদের বিকাশের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, ‘আমরা চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কেবল ভবন ও অবকাঠামোয় নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যেও সমৃদ্ধ হোক। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলজ প্রাণীর আবাসস্থল সমৃদ্ধ করার চিন্তা থেকেই মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘সরকারের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা নিজেদের অবস্থান থেকে কাজ করতে চাই। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু প্রশাসন বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নয়; শিক্ষার্থীসহ সবারই এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি সেগুলোর উপযুক্ত পরিবেশ রক্ষা করাও জরুরি।’

জাফর আহমেদ আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে বলে তিনি আশা করেন। ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ, জলজ প্রাণীর সংরক্ষণ ও অন্যান্য পরিবেশবান্ধব কার্যক্রম চালু রাখা গেলে দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ করে গড়ে তোলার পথ আরও সুগম হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের পর মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট