বরগুনার বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি কার্যক্রমে কোনো বৈষম্য করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি মনি শংকর ও বরুণ কৃষ্ণ কর্মকার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে বরণ করেন। এ সময় তাঁরা একটি মডেল মন্দির নির্মাণের দাবি জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।