রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:২১ এএম
নন্দিত টিভি
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, আটক ১২

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, আটক ১২

watermark
nonditotvnews

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে ভয়াবহ পদদলনের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গত শনিবার, ১৭ অক্টোবর রাতে উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টানা বৃষ্টি, অতিরিক্ত মানুষের ভিড় এবং মণ্ডপ থেকে বের হওয়ার পথে চাপাচাপি থেকেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এএনআইকে বিনয় কুমার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টির কারণে অনেকেই মণ্ডপের ভেতরে অবস্থান করছিলেন। এর মধ্যে আরও মানুষ প্রবেশ করায় ভিড় বাড়তে থাকে এবং একপর্যায়ে পদদলনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মণ্ডপে অতিরিক্ত ভিড় নিয়ে বারবার সতর্ক করা হচ্ছিল। একপর্যায়ে মণ্ডপ ভেঙে পড়তে পারে—এমন ঘোষণা দেওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে।

নিহতদের মধ্যে ১৪ জন নারী ও একটি শিশু রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আহত ২৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক; বাকিরা স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ ঘটনায় পূজামণ্ডপের আয়োজকসহ ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের প্রত্যেককে দেওয়া হবে পাঁচ লাখ রুপি।

উৎসবের আনন্দের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কলকাতাজুড়ে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট