শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ০৯:২৯ এএম
নন্দিত টিভি
আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থী সায়েম

আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থী সায়েম

watermark
Jewel Hossain

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা সহজলভ্য করতে উদ্ভাবিত ‘দ্য ওরিয়েন্টাল ব্রেইল প্রজেক্ট’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে দলটি পেয়েছে ৪৫ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৭৮ হাজার টাকার বেশি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘এআই হ্যাকাথন ফর পিপল উইথ ডিজঅ্যাবিলিটিজ’-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ হাজার ২৫১ জন শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবক এ প্রতিযোগিতায় অংশ নেন।

জানা যায়, সৌদি আরবজুড়ে জমা পড়া ২ হাজার ২৫১টি প্রকল্প থেকে চার ধাপের বাছাই শেষে ১৩০টি প্রকল্প চূড়ান্ত পর্বে অংশ নেয়। সেখান থেকে সায়েমের প্রকল্পটি প্রথম স্থান অর্জন করে। কিং সালমান সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি রিসার্চের (কেএসসিডিআর) আয়োজনে সপ্তম আন্তর্জাতিক প্রতিবন্ধিতা গবেষণা সম্মেলনের অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স সুলতান বিন সালমান আল সৌদের কাছ থেকে বিজয়ী দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রকল্পটির সুপারভাইজার ও সৌদি আরবের ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এ কে এম আজাদ ও দলের অন্য সদস্য ইবি শিক্ষার্থী ইয়াকুব শাকিল।

সায়েমের উদ্ভাবিত ‘দ্য ওরিয়েন্টাল ব্রেইল প্রজেক্ট’ ত্রিমাত্রিক মুদ্রণ বা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর একটি উদ্যোগ। এর মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা গ্রহণ সহজ করার চেষ্টা করা হয়েছে। প্রচলিত ব্রেইল বইয়ের ডটগুলো অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় অনেক শিক্ষার্থীর পক্ষে সেগুলো শনাক্ত করা ও শেখা কঠিন হয়ে পড়ে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি অংশ ব্রেইল পদ্ধতিতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হন।

এ ছাড়া ইংরেজি ভাষায় ব্রেইল পাঠ্যসামগ্রী ও গ্রন্থাগার তুলনামূলকভাবে সমৃদ্ধ হলেও আরবি, বাংলা ও উর্দুর মতো ল্যাটিন-বহির্ভূত লিপির ভাষায় এ ধরনের পাঠ্যসামগ্রীর ঘাটতি রয়েছে। এ সীমাবদ্ধতা কাটিয়ে বিশেষ করে আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছে আরও সহজলভ্য করাই প্রকল্পটির মূল লক্ষ্য।

নিজের উদ্ভাবনের পেছনের ভাবনা তুলে ধরে সায়েম হোসেন বলেন, “বিশ্বের ২৩টি আরবিভাষী দেশ এবং ৫৭টি মুসলিমপ্রধান দেশের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কাজ করার চিন্তা থেকেই এ উদ্ভাবনের উদ্যোগ নিই। আমার লক্ষ্য, যেসব শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত ও মানসম্মত ব্রেইল পাঠ্যসামগ্রী নেই, তাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার সুবাদে প্রতিবন্ধিতা ও পুনর্বাসন নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই এ বিষয়ে কাজ শুরু করেছি।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, “বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় ভালো করছে। সায়েমের এ অর্জন প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো করবে। বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গবেষণায় কাজ করছেন। ইতোমধ্যে বিভাগের বেশ কয়েকজন শিক্ষক যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে গেছেন এবং ছয় থেকে আটজন শিক্ষক জিএসটিতে রয়েছেন। সব মিলিয়ে বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।”

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট