শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম
নন্দিত টিভি
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

watermark
nonditotvnews

সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যেক ধর্মাবলম্বীর বিশ্বাস, আচার ও অনুষ্ঠান তাঁদের হৃদয়ের খুব কাছের। তাই অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, বরং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

শুক্রবার রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত। কারণ, বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। ধর্মের পরিচয়ের কারণে কাউকে আলাদা করে দেখা বা বৈষম্য করা উচিত নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কেউ এখানে সম্প্রদায় হতে আসিনি। আমাদের দেশের আইনকানুন কেউ কাউকে সম্প্রদায় বলে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সিটিজেন, সবাই সমান অধিকারের অধিকারী।”

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মাবলম্বীকে স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় প্রতিষ্ঠা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার দিয়েছে। তাই ধর্মীয় উৎসবের স্বাধীনতা নিশ্চিত করা শুধু সরকারের নয়, সমাজের সবার দায়িত্ব।

দুর্গাপূজার আয়োজন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার দেশে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ সরকারি বরাদ্দ এবং সর্বোচ্চ ছুটি রয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ যেন নির্বিঘ্নে উদযাপন করা যায়, সে জন্য সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক—আইজিপি মো. আলী হোসেন ফকির এবং নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারী। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া—দিলন।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।

মহাষষ্ঠীর শুভলগ্নে দুর্গামায়ের আগমনী গান ও নৃত্য পরিবেশনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন এবং শারদীয় বিশেষ সাময়িকী ‘বোধন’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, সমান নাগরিক অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর আহ্বান, ধর্মীয় বিশ্বাস ও আচার পালনের স্বাধীনতা বজায় রেখে সবাই যেন শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে দুর্গোৎসব উদযাপন করেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট