শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:১৬ পিএম
নন্দিত টিভি
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির বার্তা

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির বার্তা

watermark
nonditotvnews

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা উল্লেখ করে তিনি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার দেওয়া এক শুভেচ্ছাবাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম মূল শিক্ষা। প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মধ্য দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বহাল রাখা সম্ভব।

দুর্গোৎসবের ধর্মীয় তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন করেন, অশুভ শক্তির বিনাশ ঘটান এবং সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবকে অনন্য তাৎপর্য দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্ম, গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায়ের মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। এটাই দেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

তিনি আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠবে দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। ধর্মীয় উৎসব ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহমর্মিতা আরও বাড়বে।

শুভেচ্ছাবাণীর শেষাংশে হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে, নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গাপূজার আনন্দ উদযাপন করুন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের আবারও শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর এই বাণীতে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশাই জানিয়েছেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট