গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাহিদ দর্জি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩২) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন মধ্য খলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার নাহিদ দর্জির হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা। এ ছাড়া একটি সিম্ফনি ডি৮৯ মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ দর্জি ও পলাতক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ অক্টোবর দায়ের করা হয়, যার নম্বর ১৪।
পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।