শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:১৩ এএম
নন্দিত টিভি
সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

watermark
nonditotvnews

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর বাংলাদেশের পুলিশের দুই সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। আটক দুজন হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।

পরে সীমান্তের ওপারে থাকা স্থানীয় লোকজন তাকে আটক করেন। সহকর্মীকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। এরপর দুজনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের ফিরিয়ে আনার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট