বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ০৪:২৯ পিএম
নন্দিত টিভি
‘অন্যকে অপমান করে আয়, এটা বিনোদন নয় অপরাধ’: মেহজাবীন

‘অন্যকে অপমান করে আয়, এটা বিনোদন নয় অপরাধ’: মেহজাবীন

watermark
nonditotvnews

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তারকাদের চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার স্পষ্ট বক্তব্য, এআই দিয়ে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে কাউকে হেয় করা কোনো বিনোদন নয়, বরং অপরাধ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে। তবে এ ঘটনা ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন মেহজাবীন। তিনি লেখেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া অপরাধ।

অভিনেত্রীর মতে, একই ধরনের কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করেন, তখন তা আর শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না; বরং বড় সামাজিক সমস্যায় পরিণত হয়।

মানুষের প্রতি সম্মান দেখানোর বিষয়টি তুলে ধরে মেহজাবীন প্রশ্ন করেন, কাউকে মানুষ হিসেবে সম্মান করতে হলে তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে কেন? তার ভাষায়, ‘কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মেহজাবীন স্বীকার করেন, অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের মাধ্যম। কিন্তু তার প্রশ্ন, ‘কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?’

তিনি আরও বলেন, এ ধরনের ক্ষতিকর কনটেন্টের শিকার নারী-পুরুষ যে কেউ হতে পারেন। তাই শুধু যারা ভিডিও তৈরি করছেন, তারাই নন, যারা সেগুলো স্বেচ্ছায় শেয়ার করছেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের ভূমিকাও বিবেচনায় নেওয়া জরুরি।

পোস্টের শেষাংশে মেহজাবীন শেয়ারকারীদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখার আহ্বান জানান। জনপ্রিয়তা কিংবা অর্থের আশায় অন্যকে অপদস্থ করার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতার ওপরও গুরুত্ব দেন এই অভিনেত্রী।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট