গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত তালতলা বাজার। একসময় মিয়াপাড়া, রুপার বাজার, আলফালাহসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের কেনাকাটার অন্যতম প্রধান কেন্দ্র ছিল এ বাজার। দূরদূরান্ত থেকে মানুষ এখানে বাজার করতে আসতেন। তবে সময়ের ব্যবধানে যোগাযোগব্যবস্থার অবনতি, বাজারের অব্যবস্থাপনা ও রাস্তার পাশে দোকানপাট গড়ে ওঠায় ক্রমেই জৌলুশ হারাচ্ছে বাজারটি। বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে একসময়ের জমজমাট এই বাজার।
সরেজমিনে দেখা যায়, বাজারের ভেতরে ক্রেতা বিক্রেতার উপস্থিতি খুবই কম। যে সেটঘরে নিয়মিত বাজার বসার কথা, সেখানে নেই পর্যাপ্ত দোকানপাট ও ক্রেতাদের আনাগোনা। বাজারের ভেতরে হাতে গোনা দু একটি মাছের দোকান রয়েছে। এ ছাড়া বাজারের মাঠে নিজস্বভাবে ঘর নির্মাণ করে একটি সবজির দোকান পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে, বাজারের ভেতরে লোকসমাগম কম, প্রবেশপথ সংকীর্ণ এবং প্রয়োজনীয় পরিবেশের অভাবে অনেক সবজি বিক্রেতা বাজারের ভেতরে না বসে কাঁচা রাস্তার ওপর চট বিছিয়ে পণ্য বিক্রি করছেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় তালতলা বাজার ছিল বেশ জমজমাট। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ নিয়মিত এখানে কেনাকাটা করতে আসতেন। কিন্তু প্রায় ছয় বছর আগে পাকা সড়কটি ভেঙে ফেলার পর যোগাযোগব্যবস্থার অবনতি ঘটে। পাশাপাশি বাজারের সেটঘরের চারপাশে দোকানপাট গড়ে ওঠায় বাজারের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের মতে, সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে একসময়ের গুরুত্বপূর্ণ এই বাজারটি ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। বাজারের ভেতরে ক্রেতা-বিক্রেতাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বাজারটির কার্যক্রম আরও সংকুচিত হয়ে পড়তে পারে।
এ অবস্থায় তালতলা বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও সবজি বিক্রেতারা। তাঁদের দাবি, বাজারের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বাজারের প্রবেশপথ প্রশস্ত করা, সেটঘরগুলো ব্যবহারের উপযোগী করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে তালতলা বাজার আবারও প্রাণ ফিরে পাবে। ফিরে আসবে আগের সেই কর্মচাঞ্চল্য, বাড়বে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি এবং রক্ষা পাবে এলাকার ঐতিহ্যবাহী এই বাজারটি।