মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ পিএম
নন্দিত টিভি
মানুষের চেয়ে বিড়াল বেশি, জাপানের ‘ক্যাট আইল্যান্ড’ আওশিমার অজানা গল্প

মানুষের চেয়ে বিড়াল বেশি, জাপানের ‘ক্যাট আইল্যান্ড’ আওশিমার অজানা গল্প

watermark
nonditotvnews

জাপানের ছোট্ট দ্বীপ আওশিমা। ‘ক্যাট আইল্যান্ড’ বা বিড়ালের দ্বীপ নামে পরিচিত এই জনপদে মানুষের তুলনায় বিড়ালের সংখ্যা অনেক বেশি। তবে শুরু থেকেই এমন ছিল না দ্বীপটি। একসময় মৎস্যজীবীদের ব্যস্ত বসতি আওশিমা কীভাবে বিড়ালদের রাজ্যে পরিণত হলো, সেই গল্পের পেছনে রয়েছে জনসংখ্যা হ্রাস ও জীবনযাত্রার পরিবর্তনের ইতিহাস।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আওশিমায় প্রায় ৯০০ মানুষের বসবাস ছিল। মাছ ধরা ও মাছের ব্যবসাই ছিল স্থানীয়দের প্রধান জীবিকা। সে সময় মাছ ধরার নৌকা ও জালে ইঁদুরের উপদ্রব বাড়লে তা নিয়ন্ত্রণ করতে দ্বীপে আনা হয় বিড়াল।

পরবর্তী সময়ে খাবারের সহজলভ্যতা ও অনুকূল পরিবেশে বিড়ালের সংখ্যা বাড়তে থাকে। অন্যদিকে কাজের সংকট এবং উন্নত জীবনের আশায় স্থানীয় বাসিন্দাদের অনেকে জাপানের মূল ভূখণ্ডে চলে যান। ফলে কমতে থাকে মানুষের সংখ্যা। একপর্যায়ে দ্বীপটিতে মানুষের তুলনায় বিড়ালের আধিক্য তৈরি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালদের ছবি ছড়িয়ে পড়ার পর আওশিমা পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। দ্বীপের ঘাট, বাড়ির আঙিনা ও পথঘাটে অবাধে ঘুরে বেড়ানো বিড়াল দেখতে জাপানের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে পর্যটকেরা আসেন।

তবে বিড়ালের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ও পরিচর্যা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে ২০১৮ সালে দ্বীপটিতে বিড়ালের বন্ধ্যাকরণ কর্মসূচি শুরু হয়। এর ফলে নতুন বিড়ালছানার জন্ম কমে আসে।

একসময় আওশিমায় প্রায় ২০০ বিড়াল ছিল। বর্তমানে সেখানে আনুমানিক ৮০টি বিড়াল রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের বড় একটি অংশই বয়স্ক। স্থানীয় বাসিন্দা নাওকো কামিমোতো ও তাঁর স্বামী নিয়মিত বিড়ালগুলোকে খাবার দেন। কোনো বিড়াল অসুস্থ হলে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থাও করেন তাঁরা।

আওশিমার গল্প শুধু বিড়ালের আধিক্যের নয়। এটি জাপানের প্রত্যন্ত দ্বীপ ও গ্রামাঞ্চলে জনসংখ্যা কমে যাওয়া, তরুণদের শহরমুখী হওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধিরও প্রতিচ্ছবি। বিড়ালদের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেলেও দ্বীপটির ভবিষ্যৎ নির্ভর করছে স্থানীয় জনজীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট