মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:০৯ পিএম
নন্দিত টিভি
প্রতিদিন একটি পেয়ারা খাওয়ার উপকারিতা, হজম থেকে হৃদ্‌যন্ত্রের যত্নে কতটা কার্যকর?

প্রতিদিন একটি পেয়ারা খাওয়ার উপকারিতা, হজম থেকে হৃদ্‌যন্ত্রের যত্নে কতটা কার্যকর?

watermark
nonditotvnews

ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবারে সমৃদ্ধ পেয়ারা শুধু সুস্বাদু ফলই নয়, পুষ্টিরও গুরুত্বপূর্ণ উৎস। পরিমিত পরিমাণে পেয়ারা খেলে হজমশক্তি ভালো রাখা, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করা এবং ওজন নিয়ন্ত্রণে উপকার পাওয়া যেতে পারে।

প্রথমেই আসা যাক হজমের কথায়। পেয়ারায় থাকা ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। পাশাপাশি, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে এই ফল। ফলে অকারণে বারবার খিদে পাওয়া এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে।

পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে সহায়ক। এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যক্রমে ভূমিকা রাখে। একই সঙ্গে ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে এই ভিটামিন। পেয়ারার অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায়ও ভূমিকা রাখতে পারে।

হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও পেয়ারার পুষ্টিগুণ গুরুত্বপূর্ণ। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। আর ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। তবে শুধু পেয়ারা খেলেই হৃদ্‌রোগের ঝুঁকি দূর হয় না। প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রম।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও গোটা পেয়ারা উপকারী খাদ্য হতে পারে। এর ফাইবার শর্করা শোষণের গতি ধীর করতে সহায়তা করে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা পরিমিত পরিমাণে পেয়ারা খেতে পারেন। তবে যাঁরা শর্করা নিয়ন্ত্রণের ওষুধ গ্রহণ করেন, তাঁদের খাদ্যাভ্যাসে পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাদ্যতালিকায় পেয়ারা রাখা যেতে পারে। তুলনামূলক কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় এটি পেট ভরা রাখতে সাহায্য করে।

তবে অতিরিক্ত পেয়ারা খেলে কারও কারও গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। সাধারণভাবে, দিনে একটি মাঝারি আকারের পেয়ারা অথবা এক কাপ কাটা পেয়ারা অনেকের জন্য উপযুক্ত হতে পারে। যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের পটাশিয়াম গ্রহণের সীমাবদ্ধতা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ নিয়ে পেয়ারা খাওয়া উচিত।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট