মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ০৩:৫৯ পিএম
নন্দিত টিভি
ধূমপানকে কেন্দ্র করে উত্তপ্ত যবিপ্রবিতে শিক্ষার্থীদের হাতাহাতি; সড়ক অবরোধ

ধূমপানকে কেন্দ্র করে উত্তপ্ত যবিপ্রবিতে শিক্ষার্থীদের হাতাহাতি; সড়ক অবরোধ

watermark
Jewel Hossain

ধূমপানকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের বিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস। এ ঘটনায় মারধরের অভিযোগ, হলের সামনে বিক্ষোভ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রোববার (১১ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের নিয়মিত সূচি ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, ক্যাম্পাসের একটি চায়ের দোকানে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ সেখানে ধূমপান করতে গিয়েছিলেন। এ সময় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ একই বিভাগের নবীন শিক্ষার্থী তাসনিমকে (২০২৫–২৬ শিক্ষাবর্ষ) সিগারেট খেতে নিয়ে যান। পার্থ সেখানে থাকায় তার সামনে সিগারেট খেতে সংকোচ বোধ করেন তাসনিম। পরে আহাদের পরামর্শে পার্থের কাছে অনুমতি চান তিনি। পার্থ অনুমতি না দেওয়ায় বিষয়টি আহাদকে জানান তাসনিম।

এরপর আহাদ নিজের জ্যেষ্ঠতার প্রসঙ্গ তুলে তাসনিমকে ধূমপান করতে বলেন। একপর্যায়ে পার্থের বিভাগ সম্পর্কে জানতে চাইলে তিনি নিজেকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বলে পরিচয় দেন বলে সংশ্লিষ্টদের বক্তব্যে জানা গেছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের অন্য শিক্ষার্থীরাও জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বিকেল আনুমানিক তিনটার দিকে মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মারধর করতে হলের দিকে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার হলের ফটকে উপস্থিত হন। তারা ফটক বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ সময় হলের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

পরে বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস চলাচলে বিঘ্ন ঘটে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিকেল চারটায় ছেড়ে যাওয়ার কথা থাকা বাসগুলো প্রায় এক ঘণ্টা পর, বিকেল পাঁচটার দিকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বাস চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, “ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের উপস্থিতিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ডেকে এনে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য প্রশাসন ও ছাত্র পরামর্শ দপ্তরের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিকে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। ১১ অক্টোবর স্বাক্ষরিত ওই নির্দেশনায় জ্যেষ্ঠ শিক্ষার্থীদের নবীনদের প্রতি স্নেহশীল, সহনশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল আচরণ করতে বলা হয়েছে। কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা বিরোধ দেখা দিলে নিজেরা সংঘাতে না জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিরোধের সূত্রপাতের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী পার্থের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট