মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ০৩:৫৮ পিএম
নন্দিত টিভি
কালীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

কালীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

watermark
Jewel Hossain

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমানো এবং এ বিষয়ে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়ানোই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সম্ভাব্য প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; বরং পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও প্রস্তুতির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনুপ কুমার সিংহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ, ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু বকর, ফায়ার ফাইটার মাহফুজ, সাকিব, রাবিদ, মামুন ও ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট