মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৯ পিএম
নন্দিত টিভি
স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী

watermark
nonditotvnews

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কলঙ্ক নিতে চায় না সরকার। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার ও প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার, ১৩ অক্টোবর, সচিবালয়ে গ্রাম পুলিশের সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন হস্তক্ষেপ করবে না—এটাই বর্তমান সরকারের অবস্থান। নির্বাচন কমিশন মাঠপর্যায়ে যেসব দায়িত্ব দেবে, সে অনুযায়ী বেসামরিক প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসনকে কাজ করার নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

আগের বিতর্কিত নির্বাচনগুলোর অভিজ্ঞতা পেছনে ফেলে স্থানীয় সরকার নির্বাচনকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, রোল মডেল বলার পরিবর্তে সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা করবে। জনগণ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন শেষ করতে নির্বাচন কমিশনকে আবারও অনুরোধ জানিয়েছে সরকার। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুনের মধ্যে নির্বাচনগুলো শেষ করার অনুরোধ নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা না গেলে বরাদ্দকৃত অর্থ পরবর্তী অর্থবছরে চলে যেতে পারে। তবে সব নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের।

নির্বাচনের সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন প্রাথমিক সময়সূচি নির্ধারণের কাজ করছে। বাকি নির্বাচনগুলোর তারিখ ও আয়োজনের পদ্ধতিও কমিশন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঠিক করবে।

মীর শাহে আলম বলেন, নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের পক্ষ থেকে আবারও অনুরোধ জানানো হচ্ছে, যেন চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট